সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

পুরো মধ্যপ্রাচ্য দখলের ‘অধিকার’ ইসরায়েলের আছে: মার্কিন রাষ্ট্রদূত

রিপোর্টার / ৬ বার
আপডেটের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, পুরো মধ্যপ্রাচ্য অথবা অন্তত এর সিংহভাগ দখল করার ‘বাইবেলসম্মত অধিকার’ ইসরায়েলের রয়েছে। পডকাস্টার টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার ব্রিটিশ দৈনিক The Guardian এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

শুক্রবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে কার্লসনের সঙ্গে আলাপকালে হাকাবি বলেন, ইসরায়েল যদি পুরো ভূখণ্ড নিয়েও নেয়, তাতেও তার আপত্তি নেই। ট্রাম্প প্রশাসনের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা এবং আরকানসাসের সাবেক গভর্নর হাকাবি যুক্তরাষ্ট্রের খ্রিস্টান জাতীয়তাবাদী আন্দোলন ও ওল্ড টেস্টামেন্টের ব্যাখ্যা নিয়েও আলোচনা করেন।

সাক্ষাৎকারে কার্লসন বাইবেলের একটি আয়াত উল্লেখ করেন, যেখানে বলা হয়েছে—ঈশ্বর ইব্রাহিমকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার বংশধররা মিসরের নদী থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত ভূমি লাভ করবে। কার্লসনের মতে, আধুনিক ভূগোল অনুযায়ী এই এলাকা লেভান্ট অঞ্চলসহ ইসরায়েল, জর্ডান, সিরিয়া, লেবানন এবং সৌদি আরব ও ইরাকের বড় অংশকে অন্তর্ভুক্ত করতে পারে।

এ প্রসঙ্গে হাকাবি বলেন, এটি ঠিক কতদূর বিস্তৃত হবে তা নিশ্চিত নয়, তবে এটি একটি বিশাল ভূখণ্ড। তিনি দাবি করেন, ইসরায়েল এমন এক ভূমি, যা সৃষ্টিকর্তা ইব্রাহিমের মাধ্যমে একটি নির্বাচিত জনগোষ্ঠীকে দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, এখানে ছিল একটি জনগোষ্ঠী, একটি স্থান এবং একটি উদ্দেশ্য।

কার্লসন সরাসরি জানতে চান, ওই ভূমির ওপর ইসরায়েলের অধিকার আছে কি না। জবাবে হাকাবি বলেন, তারা যদি পুরোটা নিয়েও নেয়, সেটাই হবে সুন্দর।

এর আগে ইসরায়েল সফরে গিয়ে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে তাকে আটকে রাখা হয়েছিল বলে দাবি করেন কার্লসন। তবে এ দাবি নিয়ে বিতর্ক তৈরি হয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, তিনি নিয়মিত নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়েই গিয়েছিলেন। বিমানবন্দর কর্তৃপক্ষও এক বিবৃতিতে বলেছে, কার্লসন ও তার সফরসঙ্গীদের আটক, বিলম্বিত বা জিজ্ঞাসাবাদ করা হয়নি।

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কার্লসনকে কটাক্ষ করে বলেন, তিনি নিজেকে ইসরায়েল বিশেষজ্ঞ হিসেবে উপস্থাপন করলেও তার বক্তব্য ভুয়া।

সাম্প্রতিক সময়ে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে প্রশ্ন তুলছেন কার্লসন, যা তাকে ‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ আন্দোলনের মূলধারা থেকে কিছুটা দূরে সরিয়ে দিয়েছে বলে বিশ্লেষকদের মত। অন্যদিকে, হাকাবি যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ইসরায়েলপন্থী রক্ষণশীল অবস্থানের প্রতিনিধিত্ব করছেন।

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি, ধর্মীয় ব্যাখ্যা এবং কূটনৈতিক অবস্থান নিয়ে এই মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান।


এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর