মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, সংবিধান বদলের প্রশ্নে গণভোটও

রিপোর্টার / ৭ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে শুরু হয়েছে বহুল আলোচিত সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। অর্থনৈতিক স্থবিরতা, রাজনৈতিক মেরুকরণ এবং ক্রমবর্ধমান জাতীয়তাবাদী আবহের মধ্যে অনুষ্ঠিত এই নির্বাচনে সংস্কারপন্থি, সামরিক-সমর্থিত রক্ষণশীল ও জনতাবাদী—এই তিন ধারার রাজনৈতিক শক্তি ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। এবারের নির্বাচনের বিশেষ বৈশিষ্ট্য হলো, সংসদ নির্বাচনের পাশাপাশি ২০১৭ সালের সামরিক বাহিনী প্রণীত সংবিধান পরিবর্তনের প্রশ্নে একটি গণভোটও অনুষ্ঠিত হচ্ছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, রোববার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে সারাদেশে ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আগাম ভোটগ্রহণ পর্বে ইতোমধ্যে ২২ লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

থাইল্যান্ডে এবারের সাধারণ নির্বাচনে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ৫ কোটি ৩০ লাখ। ধীরগতির অর্থনৈতিক প্রবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা ইস্যু ভোটারদের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলছে। যদিও ৫০টিরও বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে, বাস্তবে পিপলস পার্টি, ভূমজাইথাই এবং ফেউ থাই—এই তিনটি দলই সরকার গঠনের মতো জনসমর্থন পাওয়ার অবস্থানে রয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

৫০০ আসনের সংসদে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না—এমন ইঙ্গিতই দিচ্ছে জনমত জরিপগুলো। ফলে নির্বাচন-পরবর্তী সময়ে জোট সরকার গঠন প্রায় অনিবার্য বলে মনে করা হচ্ছে। নির্বাচিত সংসদ সদস্যদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভোটেই পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।

সংস্কারপন্থি পিপলস পার্টি, নাথাফং রুয়াংপানইয়াওয়ুতের নেতৃত্বে, সবচেয়ে বেশি আসন পাওয়ার দৌড়ে এগিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। দলটি সামরিক বাহিনী ও আদালতের রাজনৈতিক প্রভাব কমানো এবং অর্থনৈতিক নীতিতে বড় ধরনের পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে। তবে এসব সংস্কারমূলক কর্মসূচি রক্ষণশীল ও সামরিক-সমর্থিত দলগুলোর কাছে গ্রহণযোগ্য নয়। ফলে নির্বাচনের পর তারা একজোট হয়ে পিপলস পার্টিকে ক্ষমতার বাইরে রাখার চেষ্টা করতে পারে।

এই দলটি মূলত মুভ ফরওয়ার্ড পার্টির উত্তরসূরি। ২০২৩ সালের নির্বাচনে ওই দলটি সংসদে সবচেয়ে বেশি আসন পেলেও সামরিক-নিয়োগপ্রাপ্ত সিনেট তাদের সরকার গঠন করতে দেয়নি। পরবর্তীতে রাজতন্ত্র অবমাননা সংক্রান্ত আইন সংস্কারের আহ্বানের কারণে সাংবিধানিক আদালত দলটিকে বিলুপ্ত ঘোষণা করে।

অন্যদিকে ভূমজাইথাই দলের নেতৃত্বে রয়েছেন বর্তমান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। রাজতন্ত্রপন্থি ও সামরিক প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সমর্থন পাওয়া এই দলটিকে রক্ষণশীল শিবিরের প্রধান শক্তি হিসেবে দেখা হচ্ছে। অনুতিন গত সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। কম্বোডিয়ার সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনায় নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী পায়েতংতার্ন শিনাওয়াত্রা ক্ষমতা ছাড়লে তিনি দায়িত্ব নেন এবং পরে সংসদ ভেঙে নতুন নির্বাচনের ঘোষণা দেন।

অনুতিনের নির্বাচনী প্রচারের মূল বিষয় ছিল অর্থনৈতিক প্রণোদনা, নিরাপত্তা এবং সীমান্ত ইস্যু। কম্বোডিয়ার সঙ্গে প্রাণঘাতী সংঘর্ষের পর উসকে ওঠা জাতীয়তাবাদী আবেগকে তিনি রাজনৈতিকভাবে কাজে লাগান।

তৃতীয় প্রধান প্রতিদ্বন্দ্বী ফেউ থাই দলটি সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা-সমর্থিত রাজনৈতিক ধারার উত্তরসূরি। দলটি অর্থনৈতিক পুনরুজ্জীবন ও নগদ সহায়তার প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালিয়েছে এবং প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে থাকসিনের ভাতিজা ইয়োদচানান ওংসাওয়াতকে মনোনয়ন দিয়েছে।

এদিকে ভোটগ্রহণের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে ভোটারদের কাছে জানতে চাওয়া হচ্ছে, ২০১৭ সালে সামরিক বাহিনী প্রণীত সংবিধান পরিবর্তন করা হবে কি না। গণতন্ত্রপন্থিদের মতে, নতুন সংবিধান সামরিক ও বিচার বিভাগের মতো অনির্বাচিত প্রতিষ্ঠানের ক্ষমতা সীমিত করতে সহায়ক হবে। তবে রক্ষণশীলদের আশঙ্কা, এতে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে।


এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর