আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের জোধপুরের মানাই গ্রামে নিজেদের বিয়ের দিন দুই বোনের আত্মহত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। একই দিনে দুই মেয়ের বিয়ে ঠিক করেছিলেন তাদের বাবা-মা। বিয়ের আনন্দঘন পরিবেশের মধ্যেই ঘটে যায় এই শোকাবহ ঘটনা।
সংবাদমাধ্যম এনডিটিভি রোববার (২২ ফেব্রুয়ারি) জানিয়েছে, প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, দুই বোন বিষাক্ত কোনো পদার্থ পান করেছিলেন। ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শোভা (২৫) ও ভিমলা (২৩) নামে ওই দুই বোনের শনিবার বিয়ে হওয়ার কথা ছিল। শুক্রবার রাত থেকেই বাড়িতে পুরোদমে বিয়ের প্রস্তুতি চলছিল। আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে আনন্দ-উৎসবও চলতে থাকে। শনিবার গভীর রাত পর্যন্ত তাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ও প্রস্তুতি অব্যাহত ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, মধ্যরাতের পর দুই বোন ঘুমাতে যান। ভোররাত প্রায় ৪টার দিকে হঠাৎ তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশের এডিসিপি (ওয়েস্ট) রোশান মীনা জানিয়েছেন, শনিবার গভীর রাত পর্যন্ত বিয়ের অনুষ্ঠান চলেছে। এরপর দুই বোন ঘুমাতে যান। ভোরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে তাদের দেহে বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে বিস্তারিত তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন বলে জানান তিনি।
হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে গিয়ে সৎকারের প্রস্তুতি নিচ্ছিল পরিবার। এ সময় থানা থেকে পুলিশ এসে মরদেহ দুটি জব্দ করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে পারিবারিক বিরোধের অভিযোগ। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, দুই বোনের মামা অভিযোগ করেছেন, তাদের চাচা জোরপূর্বক বিয়ে দিতে চাপ দিচ্ছিলেন। এ নিয়ে পরিবারের ভেতরে মনোমালিন্য চলছিল। সেই চাপ ও মানসিক অস্থিরতা থেকেই তারা চরম এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে পরিবারের পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছে।
তবে পুলিশ বলছে, বিষয়টি এখনো তদন্তাধীন। আত্মহত্যার পেছনে পারিবারিক চাপ, ব্যক্তিগত কারণ বা অন্য কোনো বিষয় জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের স্তম্ভিত করেছে। বিয়ের আনন্দঘন মুহূর্তে দুই তরুণীর এমন করুণ পরিণতি এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে